জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে চীন আবারও জানিয়ে দিল—যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশেই থাকবে তারা।
পাকিস্তানের লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর কাছে এই মন্তব্য করেন।
তিনি বলেন, “চীন সব সময় পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। তবে আমরা বিশ্বাস করি, যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজা।”
পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক বৈঠকে ঝাও এই কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপির অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।
চীনা কনসাল আরও বলেন, “চীন ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের এবং কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। পাকিস্তান আমাদের শুধু প্রতিবেশী নয়, বরং পরীক্ষিত বন্ধু।”
দীর্ঘ আড়াই ঘণ্টার এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষাংশে ঝাও বলেন, “চীন-পাকিস্তান বন্ধুত্ব ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ এক সম্পর্ক। এটি চিরকাল অটুট থাকবে।”
তিনি আরও জানান, “প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে সম্মান করে এবং পাকিস্তানিরাও চীনকে ভালোবাসে। পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত বোঝাপড়াই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।”








