মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ভয়াবহ দাবানল, জারি ‘জাতীয় জরুরি অবস্থা’

ইসরায়েলে ভয়াবহ দাবানল, জারি ‘জাতীয় জরুরি অবস্থা’

গত এক দশকে ইসরায়েলে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে জানা গেছে, যা জেরুজালেমের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশব্যাপী ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, আগুন দ্রুত জেরুজালেম শহরের দিকেও অগ্রসর হচ্ছে।

বুধবার দাবানলের কারণে জেরুজালেমের কাছাকাছি এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিনির্বাপক বাহিনী এবং সেনাবাহিনী চেষ্টা করলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইসরায়েলি রেসকিউ সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দাবানল হিসেবে উল্লেখ করেছে। এতে শতাধিক মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।

এ পর্যন্ত ২৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। এমডিএ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে।

স্থানীয় বাসিন্দা ইউভাল আহারোনি জানিয়েছেন, আবহাওয়ার পূর্বাভাস জানা সত্ত্বেও প্রশাসন পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি। পর্যাপ্ত পরিমাণে পানি ছোড়ার উপযোগী বিমান ছিল না।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, পশ্চিম দিক থেকে আসা বাতাসে আগুন সহজেই শহরের উপকণ্ঠ পেরিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারে। তাই আগুন থামাতে ব্যাপক প্রস্তুতি নিতে হবে।

দাবানলের প্রভাবে জেরুজালেম-তেল আবিব মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নতুনভাবে ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি খালি করা হয়েছে।

এক শিক্ষার্থী বলেন, প্রচুর পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মী থাকলেও আগুন নিয়ন্ত্রণে তেমন কাজ হয়নি। অগ্নি-নির্বাপক প্রধান এয়াল কাসপি জানিয়েছেন, তীব্র আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের বিমানগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না।

পুলিশ জানিয়েছে, জেরুজালেম ও তেল আবিবের সংযোগকারী মহাসড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে সেসব এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, লাট্রুন ও বেত শেমেশের মধ্যবর্তী বনাঞ্চল দাবানলে আক্রান্ত হয়েছে। সেখানে হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অনেক গাড়িচালক আগুনের ভয় পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যান।

এছাড়া এক ব্যক্তিকে পূর্ব জেরুজালেমে আগুন লাগানোর অভিযোগে আটক করা হয়েছে। যদিও এটিকে বড় দাবানলের সঙ্গে সরাসরি যুক্ত বলে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এমডিএ জানিয়েছে, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা দল ঘটনাস্থলের কাছাকাছি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে গ্রিস, সাইপ্রাস, ইতালি, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে ইসরায়েল। ইতোমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি বিমান সহায়তার জন্য পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ