ভারত-পাকিস্তান সম্পর্ক যখন আবারও উত্তেজনার দিকে, ঠিক তখন পাকিস্তানের বেলুচিস্তানে বসবাসরত হিন্দু সম্প্রদায় নয়াদিল্লির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) প্রাদেশিক রাজধানী কোয়েটায় বিক্ষোভ মিছিল করে তারা ভারতের সাম্প্রতিক অভিযোগের প্রতিবাদ জানায়। ভারতের দাবি, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় পাকিস্তান জড়িত—এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দেন বিক্ষোভকারীরা।
মিছিলে নেতৃত্ব দেন পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু আইনপ্রণেতা সঞ্জয় কুমার। তিনি বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় সশস্ত্র বাহিনীর পাশে আছে এবং ভারতের আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।
সমাবেশে অংশ নেওয়া নারী বক্তারাও ভারতের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে তারা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে উল্লেখ করেন। বক্তারা বলেন, ১৯৬০ সালের সিমলা চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়, এতে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।








