কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা আটদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১ মে) রাতেও সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি অনুযায়ী, পাকিস্তান বিনা উসকানিতে গুলি চালিয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর সেক্টরে ভারতীয় পোস্টগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। ভারতও পাল্টা জবাব দিয়েছে। এই গোলাগুলি হয়েছে ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়—যেমন সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাসের ঘোষণা।
ভারতের অভিযোগ, সীমান্তপারের সন্ত্রাসীদের এই হামলার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা পদক্ষেপ নেয়—আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়।
এছাড়াও পাকিস্তান ভারতের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দিয়েছে, যদি পানি বন্ধ করা হয়, তবে সেটিকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখা হবে।
এই টানাপোড়েনের মধ্যে দুই দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হটলাইনে যোগাযোগ করেন এবং পাকিস্তানকে বিনা উসকানিতে গুলি চালানো বন্ধ করার সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতের পিটিআই সংবাদমাধ্যম।








