,
টেকনাফ থেকে সেন্টমার্টিন

সরকারি বরাদ্দের বালু-সিমেন্ট মিয়ানমারে পাচারের অভিযোগ

সরকারি বরাদ্দের বালু-সিমেন্ট মিয়ানমারে পাচারের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে পাঠানোর কথা বলে সরকারি বরাদ্দের বালু ও সিমেন্টভর্তি একটি ট্রলার মিয়ানমারে পাচার হওয়ার অভিযোগ উঠেছে। এতে জড়িত রয়েছে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। ট্রলারটিতে থাকা তিনজন মাঝিমাল্লারও কোনো খোঁজ মেলেনি।

বুধবার বিকালে টিআর প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সিমেন্ট, বালু, টিন, কাঠ ও টাইলস ট্রলারে তোলা হয়। তবে বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেন্টমার্টিনে মালামাল পৌঁছায়নি।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘সেন্টমার্টিন পর্যটন তথ্য ও অভিযোগ কেন্দ্র’ সংস্কারের জন্য বিএমসিএম সদস্য আশিকুর রহমানের নামে ২০ ব্যাগ সিমেন্টসহ কিছু মালামাল পাঠানোর অনুমতি দেওয়া হয়। কিন্তু অনুমতিপত্র জাল করে সেখানে ৪০০ ব্যাগ সিমেন্ট দেখানো হয়।

অভিযোগ রয়েছে, আশিকুর রহমান, সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আক্তার কামাল, নুরুল ইসলাম ও আবদুল মুনাফসহ একটি চক্র এসব মালামাল পাচারে জড়িত। তবে আশিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, অনুমতিপত্র ছিল তার নামে, কিন্তু মালামাল গ্রহণ করেন ইউপি সদস্য মাহফুজা আক্তার। তিনি এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন।

ইউপি সদস্য মাহফুজা আক্তারও জানান, তারা কোনো মালামাল বুঝে নেননি। অনুমতিপত্র জালিয়াতি করে অন্য একটি চক্র মালামাল পাচার করেছে।

স্থানীয় বাসিন্দা কেফায়েত উল্লাহ, যিনি ট্রলার থেকে মালামাল বুঝে নেওয়ার দায়িত্বে ছিলেন, বলেন সাবেক ইউপি সদস্য আক্তার কামালের দেওয়া অনুমতিপত্র অনুযায়ী মালামাল তিনি ট্রলারে তোলেন। পরে জানতে পারেন, সেগুলো মিয়ানমারে পাচার হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, অনুমতিপত্র জাল করে অতিরিক্ত মালামাল পাচারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ