সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ৩০ জনের বেশি

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত, আহত ৩০ জনের বেশি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে একটি ব্যস্ত টোল প্লাজায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির পুলিশ জানায়, চালক ঘুমিয়ে পড়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, শ্রম দিবসে, যখন অনেক পরিবার ভ্রমণে ছিলেন। ঘটনাস্থল ছিল সুবিক-ক্লার্ক-তার্লাক এক্সপ্রেসওয়েতে, যেটি রাজধানী ম্যানিলার সঙ্গে পার্শ্ববর্তী প্রদেশগুলোর সংযোগ রক্ষা করে।

বাসটি পরিচালনা করছিল সলিড নর্থ বাস কোম্পানি। দুর্ঘটনার পর ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয় কোম্পানিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

পুলিশ জানিয়েছে, চালকের বিরুদ্ধে অবহেলার কারণে একাধিক হত্যার অভিযোগ আনা হতে পারে। বাস কন্ডাক্টরকেও আটক করা হয়েছে। দুর্ঘটনায় তিনটি এসইউভি এবং একটি কন্টেইনার ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন রেডক্রস।

সংস্থাটি জানিয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের খাদ্যসহ অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

ফিলিপাইনে এমন দুর্ঘটনা নতুন নয়। সম্প্রতি চালকদের মাদকসেবনের ঘটনাও আলোচনায় এসেছে। যদিও এবারের ঘটনায় মাদকের কোনো সংশ্লিষ্টতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এপ্রিল মাসে ৮৪ জন চালকের ড্রাগ টেস্টে পজিটিভ আসার পর বেশ কয়েকটি গণপরিবহন সংস্থা—বাস, জিপনি ও ট্রাইসাইকেল সার্ভিস—চাপের মুখে পড়ে।

পরিবহন সচিব ভিন্স ডিজন স্থানীয় গণমাধ্যমে জানান, চালক কতক্ষণ ডিউটি করছিলেন তা খতিয়ে দেখা জরুরি। হয়তো কোম্পানির চাপে তাকে দীর্ঘ সময় গাড়ি চালাতে হয়েছিল। তাই শুধু সাময়িক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করাও দরকার।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই দেশে পাহাড়ি সড়কে এক বাসের ব্রেক ফেল করায় ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিলেন। স্থানীয়রা ওই জায়গাকে ‘কিলার কার্ভ’ নামে চেনেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ