রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ শেষ করে শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে চারটার পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত ছাত্র-জনতা। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে মিছিল করে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। এর ফলে আশপাশের রাস্তা বন্ধ হয়ে যায় এবং যান চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি তুলে ধরেন।
শুধু ছাত্ররাই নন, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই অবরোধে অংশ নেন। এর প্রভাবে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং ঘটনাস্থলে পুলিশের প্রয়োজনীয় উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।








