রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভরত আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না। শুক্রবার (৯ মে) মাগরিবের নামাজের পর শাহবাগ মোড় স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বিক্ষোভে যোগ দিয়েছেন।
শাহবাগ মোড় বর্তমানে সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলতে দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছে নানা স্লোগান, যার মধ্যে রয়েছে—
‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’,
‘একটা একটা লীগ লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’,
‘খুনি লীগের ঠিকানা এ বাংলায় হবে না’,
‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’,
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’,
‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’— প্রভৃতি।
বিক্ষোভের সূচনা হয় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে এনসিপি আয়োজিত সমাবেশ থেকে। সেখান থেকেই ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “বাংলাদেশে প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন এ দেশ ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’ হিসেবে পরিচিত হবে। সেই লক্ষ্যেই আমরা শাহবাগ মোড় অবরোধ করেছি। ইন্টারিম সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছায়নি, আহতদের আর্তনাদ কেউ শোনেনি। তাই আন্দোলন চলবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত।”








