,

বাজারে কিছুটা কমেছে সবজির দাম, স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে

বাজারে কিছুটা কমেছে সবজির দাম, স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে

গত কয়েক সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি এসেছে। আগে যেসব সবজি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেগুলোর দাম এখন কমে ৫০ থেকে ৬০ টাকায় নেমে এসেছে।

শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বরবটি, শসা, করলা, মুলা, পটল, ঢেঁড়স, টমেটো, চিচিঙ্গা, ঝিঙা, লাউসহ বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। তবে কিছু সবজি যেমন গোল বেগুন, কাঁকরোল এবং কাঁচা মরিচ এখনও ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা একাধিক ক্রেতা জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমান দাম কিছুটা সহনীয়। মালিবাগ বাজারের ক্রেতা জুনায়েদ আহমেদ বলেন, “সাম্প্রতিক সময়ে দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া কষ্টকর হয়ে পড়েছিল। এখন দাম কিছুটা কমেছে, তাই একটু স্বস্তি পাচ্ছি।”

রামপুরার এক বিক্রেতা জানান, গত পাঁচ-ছয় দিন ধরে সবজির দাম কিছুটা কমতির দিকে। মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় এই পরিবর্তন এসেছে। তবে আরও সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।

কারওয়ান বাজারের এক বিক্রেতা বলেন, বড় বাজারগুলোতে পাইকারি দামে সবজি আরও সস্তা। খুচরা বিক্রেতারা পরিবহন, দোকান ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি করছেন, ফলে স্থানীয় বাজারে দাম তুলনামূলক বেশি থাকছে।

সবমিলিয়ে সবজির দামে সাম্প্রতিক এই স্বস্তি সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমিয়ে এনেছে, এমনটাই মত বাজার সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ