তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাড়ার পর ইশতিয়াক হুসাইন ও তার পরিবারের সঙ্গে ডিবি কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এরপর উপদেষ্টার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে ইশতিয়াক ও তার পরিবারের সঙ্গে উপদেষ্টা মাহফুজকে দেখা যায়।
পোস্টে জানানো হয়, উপদেষ্টার উপর বোতল ছোড়ার ঘটনার জন্য ইশতিয়াককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা আশ্বস্ত করেন যে, কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারের রোডম্যাপ প্রকাশ করা হবে।
এর আগে দুপুরে কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত ছাড়া কোনো ব্যবস্থা নিলে ডিবি অফিস ঘেরাও করা হবে। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল, আটক শিক্ষার্থীকে দ্রুত ছেড়ে দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটসহ চার দফা দাবি বাস্তবায়ন।
ঘটনার সমাপ্তি ও আলোচনার মাধ্যমে সমাধান শিক্ষার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফেরালেও, তারা এখন সরকারের রোডম্যাপের দিকে তাকিয়ে আছে।








