হায়দরাবাদ: ভারতের হায়দরাবাদ শহরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভবনটির নিচতলায় একটি স্বর্ণালঙ্কারের দোকানে প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ওপরের ফ্ল্যাটগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।








