বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইশরাক সমর্থকদের বিক্ষোভে গুলিস্তানে যান চলাচল বন্ধ

ইশরাক সমর্থকদের বিক্ষোভে

ইশরাক সমর্থকদের বিক্ষোভে 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনের হাতে তুলে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো চলমান বিক্ষোভ এখন রূপ নিয়েছে নগরভবন ঘেরাও কর্মসূচিতে। সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এতে গুলিস্তানের সঙ্গে বংশাল ও পল্টনের দিকেও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্লোগানে বিক্ষোভকারীরা বলেন—
‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’,
‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’,
‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’,
‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’।

বিক্ষোভের কারণে সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বাসে আটকে পড়ে দুর্ভোগে পড়েন। শরীফ উদ্দিন নামের এক যাত্রী জানান, তিনি উত্তর বাড্ডায় জরুরি কাজে যাচ্ছিলেন কিন্তু দুই ঘণ্টা ধরে যানবাহন না নড়ায় হতাশায় ভুগছেন।

সদরঘাট থেকে আসা আজমেরী গ্লোরি পরিবহনের হেলপার সবুজ বলেন, “এখনও তেলের টাকা উঠাতে পারিনি। দিনের অর্ধেক এমনিতেই শেষ। যাত্রীরাও হতাশ হয়ে বসে আছে। কখন যে মুক্তি পাবো, আল্লাহই জানেন।”

বিক্ষোভের অংশ হিসেবে ইশরাকপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নগরভবনের মূল ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে নগরভবনের অফিস কার্যক্রম একপ্রকার অচল হয়ে পড়েছে। সাধারণ নাগরিকদের সেবাপ্রদান সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

চারদিন ধরে চলা এ আন্দোলনের ফলে একদিকে যেমন রাজধানীর কেন্দ্রস্থলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তেমনি সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই সংকট নিরসনে কী পদক্ষেপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ