রাজধানীতে আধাঘণ্টার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা এবং বিএনপি ও ছাত্রদলের অবরোধ কর্মসূচির কারণে শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেয়। এতে এসব এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
একই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলও শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তাদের দাবি, ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিলম্বের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছে। ফলে এই এলাকাগুলোতেও যানজট তীব্র আকার ধারণ করে।
বৃষ্টির কারণে ধানমন্ডি, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয় এবং শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে বাটা সিগন্যালে আটকে থাকা এক সাংবাদিক জানান, নিউমার্কেট, সায়েন্সল্যাব, ও বাটা সিগন্যাল এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে এবং দোকানপাটেও পানি ঢুকেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, চালকরা যাত্রীদের বাস থেকে নামিয়ে দিতে বাধ্য হন।
উত্তরা থেকে গুলিস্তানগামী এক বাসচালক জানান, এক জায়গায় ঘণ্টাখানেক আটকে থাকায় পুরোদিনই গুলিস্তানে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। আজিমপুরের ব্যবসায়ী হাসান জানান, জরুরি কাজে মতিঝিল যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা দিয়েও মৎস্য ভবন এলাকায় আধাঘণ্টা দাঁড়িয়ে আছেন।
গুগল ম্যাপ ও ট্রাফিক অ্যালার্ট নামের ফেসবুক গ্রুপে পাওয়া তথ্য অনুযায়ী, এই যানজট এখন মগবাজার, কারওয়ানবাজার, পান্থপথ, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মহাখালীসহ রাজধানীর আরও বহু এলাকায় ছড়িয়ে পড়েছে।








