বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে। তিনি বলেন, বিএনপি কেবল নির্বাচনকালীন রোডম্যাপ দাবি করেছিল, পদত্যাগ চায়নি। বুধবার (২৮ মে) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের ইঙ্গিত দিয়ে মূল বিষয় থেকে সরে গেছেন। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মহাসমাবেশে সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে তরুণদের সরব অংশগ্রহণ থাকবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ব্রিটিশ শাসনের তুলনায় বেশি সম্পদ লুট করেছে—৩০ লাখ কোটি টাকা পাচার ও ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এসব টাকায় বহু পদ্মাসেতু নির্মাণ সম্ভব হতো। আওয়ামী লীগকে “গণতন্ত্রবিরোধী” আখ্যা দিয়ে তিনি বলেন, তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলন ও নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টারও প্রতিবাদ জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “যারা আমাদের প্রতিবন্ধকতা মনে করে, তারা আমাদের বিদেশি শক্তির এজেন্ট হিসেবে উপস্থাপন করছে।”
মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।








