,

তিস্তা অববাহিকায় ৫ জেলায় বন্যার শঙ্কা

উজানে টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে তিস্তা অববাহিকার রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

বুধবার (২৮ মে) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো বার্তায় জানানো হয়, আগামী তিন দিন তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নদীর পানি সমতল আরও বাড়বে এবং কিছু জায়গায় তা বিপদসীমা অতিক্রম করতে পারে।

তবে ওইদিন বিকাল ৩টা পর্যন্ত রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি সাময়িক কমলেও একদিন পর তা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধারা চার দিন পর্যন্ত চলতে পারে। তবে এই নদীর পানি বিপদসীমা ছাড়ানোর ঝুঁকি কম বলে মনে করছে বাপাউবো।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, তিস্তা তীরবর্তী এলাকার ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। রাজারহাটের ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার জায়গা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে কাজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এদিকে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ