মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে না ফিরলে রাজস্ব সুরক্ষায় কঠোর হবে সরকার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে সরকার বাধ্য হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৯ জুন) এনবিআরের চলমান সংকট নিয়ে এক বিবৃতিতে এই বার্তা দেয় সরকার।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় সবচেয়ে বড় সীমাবদ্ধতা দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। সরকারের উন্নয়ন পরিকল্পনা ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে পর্যাপ্ত রাজস্ব আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান ব্যবস্থার নানা দুর্বলতা, অনিয়ম এবং দুর্নীতির কারণে প্রত্যাশিত হারে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। ফলে অংশীজনদের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় সরকার।

তবে রাজস্ব ব্যবস্থার এই কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে কিছু কর্মকর্তা-কর্মচারী গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায়ের কার্যক্রম অকারণে ব্যাহত করছেন। আন্দোলনের নামে এমন অচলাবস্থা দেশের অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। সরকার মনে করে, এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক, অনভিপ্রেত এবং দেশের স্বার্থের পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের নামে রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার এ প্রচেষ্টা পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। এটি জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের পরিপন্থি। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়া বিবেচনায় নেওয়ার জন্য আলোচনা ও আলাপ-আলোচনার পথ খোলা ছিল এবং থাকবে। কিন্তু তাদের পক্ষ থেকে বারবার আলোচনার প্রস্তাব উপেক্ষা করে অনমনীয় অবস্থান বজায় রাখা অত্যন্ত দুঃখজনক।

এই পরিস্থিতিতে, জরুরি আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এনবিআরের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের কার্যক্রম ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ (Essential Services) হিসেবে ঘোষণা করা হবে।

সরকার আশা করছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে আসবেন এবং রাজস্ব সংগ্রহসহ অন্যান্য দায়িত্ব পালন করবেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

এনবিআর সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সরকার স্পষ্ট করেছে যে, দেশ ও জনগণের স্বার্থে কোনো ধরনের আইনবিরোধী কার্যক্রম বরদাশত করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ