শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

 

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সোমবার (৩০ জুন) ট্রাইব্যুনাল-২-এর সংশ্লিষ্ট বেঞ্চে এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রতিবেদন দাখিলের আগে ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে প্রতিবেদনটি জমা দেয়। একই দিনে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও প্রসিকিউশনের হাতে তুলে দেওয়া হয়।

তদন্তে বেরিয়ে এসেছে, শহীদ আবু সাঈদের মৃত্যুর সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনারসহ অন্তত ৩০ জন কর্মকর্তা ও ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

মামলার বাদী রমজান আলী, শহীদের বড় ভাই, জানান—চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন।

এ মামলার চারজন আসামি বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে দিনের আলোয় প্রকাশ্যে নিহত হন আবু সাঈদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে উঠে এসেছে, তিনি নিরস্ত্র অবস্থায় পুলিশের সামনে দাঁড়ানো অবস্থায় সরাসরি গুলিবিদ্ধ হন।

এই নির্মম হত্যাকাণ্ড দেশের প্রতিটি স্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক নিন্দা জানানো হয়। মামলাটি বর্তমানে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ