চ্যাম্পিয়ন লিগ জয়ী ম্যানচেস্টার সিটির ক্লাব বিশ্বকাপ স্বপ্ন থেমে গেল সৌদি ক্লাব আল হিলালের কাছে নাটকীয় এক হারে। আজ (০১ জুলাই) ফ্লোরিডায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে পেপ গার্দিওলার দল।
পুরো ম্যাচেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল সিটির। শুরুতে নবম মিনিটেই বের্নার্দো সিলভা গোল করে দলকে এগিয়ে নেন। তবে গোলটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে আল হিলালের খেলোয়াড়রা, কারণ গোলের ঠিক আগেই বল তাদের মতে একজনের হাতে লেগেছিল। যদিও রেফারি সে দাবি আমলে নেননি।
বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। মাত্র ৪৬ সেকেন্ডেই আল হিলালের লিওনার্দো গোল করে সমতা ফেরান। ৫২ মিনিটে মালকমের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। তিন মিনিট পরেই হালান্ড গোল করে ফেরান ২-২ সমতা।
এরপর সিটির একাধিক গোলের সুযোগ এলেও আল হিলালের গোলরক্ষক বনো ও ডিফেন্ডাররা দেয়াল হয়ে দাঁড়ান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবার এগিয়ে যায় আল হিলাল—৯৪ মিনিটে কুলিবালির হেডে তারা পায় তৃতীয় গোল। যদিও ফিল ফোডেনের গোলে আবারও সমতায় ফেরে ম্যাচ (৩-৩)।
কিন্তু ১১২ মিনিটে নাটকীয় সমাপ্তি—মিলিনকোভিচ সাভিচের হেড থেকে বল ফিরে এলে লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে আল হিলালকে এনে দেন ঐতিহাসিক জয়।
এই জয়ের ফলে আল হিলাল উঠেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্লুমিনেন্স—যারা আগে ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখিয়েছিল।
ম্যানচেস্টার সিটির বিদায় তাই হয়ে রইল চরম নাটকীয় এক ম্যাচের রূপকথা।








