আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ হামলার পর ইসরায়েলজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়, যেগুলো প্রতিহত করতে দ্রুত সক্রিয় করা হয় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিরোধের চেষ্টা চালায়।
হামলার পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নাগরিকদের ঘরোয়া প্রতিরক্ষা দপ্তরের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এ হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
হুতিদের এই হামলা এমন এক সময় হলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা এমনিতেই তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় নতুন করে চাপ তৈরি করবে।








