নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৫। ১৩ বছর বয়সি ওই স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত প্রধান আসামি মো. বিশাল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। বিশাল মৃত আলমের ছেলে এবং কাশিয়াডাঙ্গার স্থানীয় বাসিন্দা।
র্যাব জানায়, অপহৃত কিশোরী কাটাখালীর একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত বিশাল তাকে প্রেমের প্রস্তাব দেয়; তবে প্রস্তাবে সাড়া না পেয়ে মেয়েটিকে বিভিন্ন সময় হয়রানি করে আসছিল।
গত ২৪ জুন সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে বিশাল ও তার সহযোগীরা। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-৫ এর একটি দল অভিযানে নামে। সফল অভিযানে কিশোরীকে উদ্ধার করা হয় এবং প্রধান অপহরণকারীকে আটক করা হয়।
গ্রেপ্তার বিশালকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, আদালতের নির্দেশে কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।








