নিজস্ব প্রতিবেদক:
সরকারি কলেজ শিক্ষকদের বদলিতে ‘ডিও লেটার’ যুগের অবসান, কার্যকর হচ্ছে ডিজিটাল নীতিমালা
সরকারি কলেজের শিক্ষকদের বদলিতে দীর্ঘদিন ধরে চলে আসা ডিও লেটার ও প্রভাবশালী তদবিরের সংস্কৃতির অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে সরকার। বদলি প্রক্রিয়াকে ডিজিটাল, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা ২০২৫’ নামে একটি নতুন নীতিমালা প্রণয়ন করে তা কার্যকর করা হয়েছে।
এই নীতিমালার আওতায় প্রভাষক থেকে শুরু করে অধ্যক্ষ পর্যন্ত সব পর্যায়ের শিক্ষক বদলির জন্য অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বছরে চারবার, অর্থাৎ প্রতি তিন মাসে একবার আবেদন করার সুযোগ থাকবে। একজন শিক্ষক সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানের নাম পছন্দ হিসেবে দিতে পারবেন। সিদ্ধান্ত গ্রহণ হবে দ্বৈত কর্তৃপক্ষের মাধ্যমে, যা নীতিনির্ধারকদের মতে দীর্ঘসূত্রতা ও অনিয়ম কমাবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বদলির আবেদন করতে হলে সংশ্লিষ্ট শিক্ষকদের নিজেদের পার্সোনাল ডেটা শিট (PDS) হালনাগাদ করে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে শিক্ষা মন্ত্রণালয় (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (www.dshe.gov.bd) অথবা www.emis.gov.bd– এই ওয়েবসাইটগুলোর নির্ধারিত লিংকে প্রবেশ করে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষক বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং তদবির নির্ভরতা ও দীর্ঘসূত্রতার অবসান ঘটবে।








