নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সেমি নকড ডাউন (এসকেডি) ও কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) অবস্থায় আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের পর থেকে সদর দপ্তরের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের মোটরসাইকেল আর রেজিস্ট্রেশন করা যাবে না।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাসের স্বাক্ষরিত ৩০ জুনের এক নির্দেশনায় জানানো হয়, কিছু অসাধু আমদানিকারক সিকেডি বা এসকেডি অবস্থায় মোটরসাইকেল আমদানি করে জাল কাগজপত্রের মাধ্যমে সিবিইউ হিসেবে তা রেজিস্ট্রেশনের চেষ্টা করছে। আবার কিছু ক্ষেত্রে ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইককে কাগজপত্রে ১৬৫ সিসি বা তার নিচে দেখিয়ে কাস্টমস ছাড় ও রেজিস্ট্রেশনের অপচেষ্টা চলছে।
এই অনিয়ম ঠেকাতে বিআরটিএ জানিয়েছে, এখন থেকে সিবিইউ বা এসকেডি মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর যাচাই করে কেন্দ্রীয়ভাবে একটি তালিকা তৈরি করে তা বিআরটিএ আইএস প্ল্যাটফর্মে আপলোড করা হবে। এই অনুমোদিত তালিকা অনুসরণ করেই সার্কেল অফিসগুলো রেজিস্ট্রেশন দেবে।
বিআরটিএর চেয়ারম্যানের অনুমোদনক্রমে জারিকৃত এই নির্দেশনায় সব সার্কেল অফিসকে ৩১ জুলাইয়ের পর থেকে অনুমোদিত তালিকা ছাড়া কোনো সিবিইউ বা এসকেডি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না দেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।








