আন্তর্জাতিক ডেস্ক:
রক্তক্ষয়ী সংঘাত শেষে আকাশসীমা পুনরায় চালু করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশসীমা ও বিমানবন্দর পুনরায় ফ্লাইট পরিচালনার জন্য উন্মুক্ত করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর খবরে বলা হয়, তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর চালু করা হয়েছে। এসব বিমানবন্দর থেকে সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে।
তবে ইসফাহান ও তাবরিজ বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হলেই ওই বিমানবন্দরগুলোতেও ফ্লাইট চলাচল শুরু হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলের চালানো বিমান হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তার স্বার্থে আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় ইরান। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই টানা ১২ দিনের সংঘাতের অবসান ঘটে ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে। যুদ্ধবিরতির পর থেকেই ধাপে ধাপে আকাশসীমা খুলে দিচ্ছে ইরান। ইতোমধ্যে পূর্বাঞ্চলের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আকাশপথে ইরানের প্রবেশাধিকারও সম্প্রসারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আকাশসীমা পুনরায় চালুর এই উদ্যোগ ইরানের অর্থনীতি এবং আন্তর্জাতিক সংযোগ পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি এটি যুদ্ধোত্তর অঞ্চলে স্বাভাবিকতার ইঙ্গিতও দিচ্ছে।








