(ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র আশুরা মানবজাতিকে জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র আশুরা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে তিনি বলেন, “শোকাবহ আশুরার এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী তাঁর পরিবার ও সাহাবিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। এই মহান আদর্শকে সমুন্নত রাখার জন্য হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারবর্গ কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বলেন, কারবালার হৃদয়বিদারক ঘটনা ছাড়াও আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। হাদিস অনুযায়ী, এই দিনে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। রাসূল (সা.) এ দিন উপলক্ষে দুটি রোজা পালনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
প্রফেসর ইউনূস এই মহিমান্বিত দিনে মহান আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, পবিত্র আশুরার শিক্ষা মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে চলতে শক্তি ও সাহস জোগাবে।








