(ছবি: সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক:
পাঁচ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৬ জুলাই) রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ‘সুষ্ঠু পরিবেশ নেই’— এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, “রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। সেটা তাদের বিষয়। আমাকে যদি প্রশ্ন করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি।”
তিনি বলেন, “যেহেতু এখনো পাঁচ-ছয় মাস সময় রয়েছে, তাই আমরা আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।”
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় না। এখানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। বরং যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার।”
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘মব’ (উন্মত্ত জনতা) সংক্রান্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, “মবের সংখ্যা কিছুটা কমে এসেছিল। তবে গত দুই-তিনদিনে কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন কিছু না ঘটে, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, “গত জুলাই-আগস্টে যে সংকট দেখা দিয়েছিল, তা এখন কাটিয়ে উঠেছে। তবে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় শিল্প পুলিশকে আরও জনবল ও সরঞ্জাম দিয়ে শক্তিশালী করতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।








