সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে বেলা পৌনে ১২টায় শাহবাগ মোড় থেকে যমুনার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন আন্দোলনকারীরা। মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দিলে তারা সেখানেই অবস্থান নেন।

তাদের তিন দফা দাবি—
১. ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল,
২. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের ধারা বাতিল,
৩. বিডিআর নাম পুনর্বহাল এবং বন্দি সদস্যদের মুক্তি।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ জানায়। তবে সাড়া না পেয়ে পুলিশ জলকামান ও অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুলিশ ও আন্দোলনকারীদের কয়েকজন আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।

পরে ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে সরিয়ে নেয়া হয়। এর আগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠাতে বলেন এবং ১০ মিনিটের আলটিমেটাম দেন। দাবি না মানায় পুলিশ বলপ্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ