শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

আধুনিক প্রশিক্ষণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ বিমান বাহিনী প্রধানের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।

সম্মেলনে তিনি উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি দেশের আকাশসীমা রক্ষায় বিমান বাহিনীর অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং দেশমাতৃকার সেবায় বাহিনীর নিরলস অবদানের প্রশংসা করেন।

বিমান বাহিনী প্রধান বলেন, একবিংশ শতাব্দীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি সকল সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিমান বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাহিনীকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে।

সম্মেলন শেষে বিমান বাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শালদের সঙ্গে আনুষ্ঠানিক আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

এই সম্মেলনকে বিমান বাহিনীর ভবিষ্যৎ কৌশল নির্ধারণ ও নেতৃত্বের মধ্যে সমন্বয় গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ