আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৭ জুলাই) রাতে বেইত হানুন এলাকায় স্থল অভিযানের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
নিহত সেনাদের মধ্যে রয়েছেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার, সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ, সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান, সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রেজি.) বেনিয়ামিন আসুলিন, স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।
আইডিএফের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, সোমবার রাত ১০টার কিছু পর এই হামলার ঘটনা ঘটে। আহত সেনাদের উদ্ধারকাজ চলাকালে এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে।
সামরিক বাহিনী আরও জানায়, অভিযানের আগে বেইত হানুন এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। কিন্তু তারপরও তাদের স্থল বাহিনী বিস্ফোরণ ও পাল্টা হামলার শিকার হয়।
নেতজাহ ইয়েহুদা বাহিনীর এই সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীন ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ আক্রমণে অংশ নিচ্ছিলেন। এ অভিযানের লক্ষ্য ছিল গাজায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা।








