রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুদকের সেই শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি:

কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়েই বরখাস্ত করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধিসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি বরখাস্তের আদেশটি শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি কোনো ধরনের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করে দুর্নীতি দমন কমিশন।

যদিও দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) ধারায় বলা আছে— কমিশন চাইলে কোনো কর্মচারীকে ৯০ দিনের নোটিশ প্রদান করে অথবা ৯০ দিনের বেতন পরিশোধ করে অপসারণ করতে পারে। কিন্তু শরীফ উদ্দিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি বরখাস্ত করা হয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ১৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট তার বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে পুনর্বহালের নির্দেশনা দিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ