শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় পুকুরিয়ায় কয়লার খনি দুর্ঘটনায় চীনা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভস্থ অংশে কাজ করার সময় দুর্ঘটনায় এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) রাতের শিফটে ১৩০৫ ফেইজে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম ওয়াং জিয়াংহু (৫৫)। তিনি ওই শিফটে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাওয়ার সাপোর্ট সরানোর কাজ করার সময় হঠাৎ একটি মেশিনারির নিচে চাপা পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

সাথে থাকা সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খনির উপরের অংশে নিয়ে আসেন। এরপর দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড় পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক জাফর সাদিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চীনা শ্রমিকের মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিচ্ছে, মরদেহ দেশে পাঠানো হবে নাকি বাংলাদেশেই দাফনের ব্যবস্থা করা হবে।

এই দুর্ঘটনায় খনির শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ