(ছবি: সংগৃহীত)
অনলাইন ডেস্ক:
গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও ‘ইউনাইটেড ফর দ্যা ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ (ইউভিইডি)-এর মধ্যে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে তদন্ত কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউভিইডি-এর মুখ্য আহ্বায়ক, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী অতিথিদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।
বৈঠকে ইউভিইডি প্রতিনিধিদলের পক্ষ থেকে গুম থেকে এখনও ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা কমিশনের কাছে হস্তান্তর করা হয়। এদের বর্তমান অবস্থান নির্ণয়ে কমিশনের সহযোগিতা কামনা করা হয়।
আলোচনায় গুমের শিকার ব্যক্তিরা যারা ফেরত এসেছেন এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতা, ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার উদ্যোগের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুম প্রতিরোধে একটি কার্যকর আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কমিশনের পক্ষ থেকে প্রযোজ্য আইনগত কাঠামোর আওতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ঘণ্টাব্যাপী এই বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।
গুম প্রতিরোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের সমন্বিত আলোচনা ও উদ্যোগকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গেছে।








