রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

২০২৫-২৬ অর্থবছরে সরকারি খরচে নতুন যানবাহন কেনা ও বিদেশ সফর বন্ধ ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) কৃচ্ছ্রতাসাধনের অংশ হিসেবে অর্থ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, নতুন অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেট থেকে কোনো সরকারি দপ্তর বা সংস্থা গাড়ি কিনতে পারবে না। একইসঙ্গে সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম কিংবা কর্মশালায় অংশগ্রহণও নিষিদ্ধ থাকবে।

তবে ১০ বছরের বেশি পুরোনো এবং অনুমোদিত টিওঅ্যান্ডই (TO&E) যানবাহনের প্রতিস্থাপন প্রয়োজন হলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে খরচ করা যাবে।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত স্থাপনাগুলো ছাড়া অন্য কোনো নতুন আবাসিক, অনাবাসিক বা দপ্তর স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যেসব নির্মাণকাজ ইতোমধ্যে ৫০ শতাংশের বেশি অগ্রগতি লাভ করেছে, সেগুলোর বাকি কাজ অর্থ বিভাগের অনুমোদন নিয়ে চালিয়ে যাওয়া যাবে।

পরিচালন বাজেটের পাশাপাশি উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও একই ধরনের কঠোরতা আরোপ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায়ও নতুন কোনো গাড়ি কেনা যাবে না। ভূমি অধিগ্রহণের মতো ব্যয়বহুল কার্যক্রমেও অর্থ বিভাগের পূর্ণ অনুমোদন ছাড়া কোনো অর্থ ব্যয় করা যাবে না। এমনকি পরিকল্পনা কমিশনের অনুকূলে থাকা থোক বরাদ্দ খরচেও অনুমতির প্রয়োজন হবে।

সরকারি অর্থায়নে বিদেশ সফরের ক্ষেত্রেও এসেছে ব্যাপক নিয়ন্ত্রণ। এখন থেকে উন্নয়ন প্রকল্পের আওতায় কোনো ধরনের বিদেশ সফর, সেমিনার বা ওয়ার্কশপে অংশগ্রহণ করা যাবে না। তবে ব্যতিক্রম হিসেবে উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় বা বিদেশি সরকারের বৃত্তি ও ফেলোশিপ প্রাপ্ত মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বিদেশে যাওয়া যাবে। একইভাবে, সরকারি খরচে পেশাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ক্ষেত্রেও কিছুটা ছাড় থাকবে।

সব ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত বছরের ৯ ডিসেম্বর জারি করা পরিপত্র মেনে চলারও নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

অর্থনৈতিক সংকট ও কৃচ্ছ্রতাসাধনের প্রয়োজনে সরকার এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি ব্যয়ে শৃঙ্খলা ফেরাতে এবং অপ্রয়োজনীয় খরচ রোধে এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ