বিনোদন ডেস্ক:
দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন ‘বাদশা’ খ্যাত শাহরুখ খান। এক সময় তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন উঠেছিল জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে। সেই সময় শুধু ব্যক্তিজীবনে নয়, ক্যারিয়ারেও এর প্রভাব পড়েছিল প্রিয়াঙ্কার ওপর। নানা বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে তিনি পাড়ি জমান হলিউডে।
হলিউডে নিজের দক্ষতা ও মেধা দিয়ে জায়গা করে নেওয়ার পর ফের বলিউডে ফিরেছেন প্রিয়াঙ্কা। কাজ করছেন দেশীয় সিনেমাতেও। তবে সেই বিতর্কিত অধ্যায়ের পর দীর্ঘ সময় শাহরুখ খানের সঙ্গে কোনো কাজেই দেখা যায়নি তাকে।
২০০৬ সালে ফারহান আখতার নির্মিত সুপারহিট সিনেমা ‘ডন’-এ একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। রোমা ও ডনের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকরা। সেই জনপ্রিয়তার জেরে ২০১১ সালে মুক্তি পায় ‘ডন টু’, যেখানে আবারও একসঙ্গে কাজ করেন তারা। কিন্তু এরপর আর কখনো একফ্রেমে দেখা যায়নি এই দুই তারকাকে।
তবে নতুন করে আবারও আলোচনায় এসেছে ‘ডন’ সিরিজ। ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, ‘ডন থ্রি’ নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক ফারহান আখতার। তবে এবার ডনের চরিত্রে থাকছেন না শাহরুখ খান। তিনি নিজেই জানিয়েছেন, এই চরিত্রে দেওয়ার মতো নতুন কিছু আর বাকি নেই তার। ফলে নতুন ডন হিসেবে রণবীর সিং-কে বেছে নিয়েছেন পরিচালক।
প্রথমে রোমা চরিত্রের জন্য কিয়ারা আদভানিকে নেওয়া হলেও গর্ভবতী হওয়ার কারণে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। গুঞ্জন রয়েছে, তার জায়গায় নেওয়া হয়েছে কৃতি শ্যাননকে। আগামী ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরু হবে, মুক্তি পাবে ডিসেম্বরে।
এদিকে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডনের প্রধান চরিত্রে না থাকলেও ‘ডন থ্রি’-তে একটি বিশেষ চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। নির্মাতারা চরিত্রটি নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন। শাহরুখও তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—এই পর্বে প্রিয়াঙ্কা চোপড়াও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘ডন’ ও ‘ডন টু’তে রোমা চরিত্রে প্রশংসিত হওয়ার পর এবারও তাকে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, তবে ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে—যা অনুরাগীদের জন্য নিঃসন্দেহে এক বিশাল চমক।
প্রসঙ্গত, গৌরী খানকে ভালোবেসেই বিয়ে করেছিলেন শাহরুখ। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে দাম্পত্যে টানাপোড়েন শুরু হয়। এমনকি গৌরী এক পর্যায়ে মান্নাত ছেড়ে দিল্লিতে বাবার বাড়ি চলে যান। পরে শাহরুখ স্ত্রীকে ফেরান মুম্বাইয়ে। তবে গৌরীর কঠোর শর্ত ছিল—প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখা যাবে না। সেই শর্ত শাহরুখ অক্ষরে অক্ষরে পালন করেন।
বহু জল গড়ানোর পর, আজ তারা দুজনেই নিজ নিজ পরিবার ও কর্মজীবনে ব্যস্ত। আর ভাগ্য চক্রে আবারও যদি একসঙ্গে আসেন পর্দায়—তবে সেটি হবে এক অবিশ্বাস্য পুনর্মিলন।








