শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, নিহত ও আহতরা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিক পরিবারের সন্তান।

নিহত চার তরুণ হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। আহত রবি বুনার্জী (২০)-কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে কোনো কাজ করতে তারা নামেন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা সবাই আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত সবাইকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, “রাতে আমাদের কাছে যেসব রোগীকে আনা হয়েছিল, তারা সবাই আগেই মৃত্যুবরণ করেছেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” তিনি আরও বলেন, “স্বজনদের ভাষ্য অনুযায়ী, তারা সেপটিক ট্যাংকে নেমেছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।”

এ ঘটনায় হরিণছড়া চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। একই এলাকার চার তরুণের একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, প্রতিবেশী এবং পুরো শ্রমিক পল্লীতে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সেপটিক ট্যাংকের মতো ঝুঁকিপূর্ণ স্থানে শ্রমিকদের নামানো উচিত হয়নি।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ