(ছবি: উপদেষ্টা পরিষদ)
অনলাইন ডেস্ক:
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ‘নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের’ ঐচ্ছিক প্রটোকলে পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে।
প্রসঙ্গত, এই ঐচ্ছিক প্রটোকলটি জাতিসংঘের আওতাধীন এবং ২০০২ সালে গৃহীত হয়। এর উদ্দেশ্য হলো—বিশ্বব্যাপী নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা।
বাংলাদেশ ১৯৯৮ সালে উক্ত মূল কনভেনশনে পক্ষভুক্ত হয়।








