শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চার দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন ৯ জেলে, নিখোঁজ এখনও ৩

বিশেষ প্রতিনিধি:

চার দিন সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে অবশেষে বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটার ৯ জেলে। জীবনের শেষ আশাটুকু আঁকড়ে ধরে সমুদ্রে ভেসে থাকার করুণ গল্প এখন দেশজুড়ে আলোচনার বিষয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন তাদের সঙ্গী আরও তিনজন।

ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরে। ৫ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে যান ‘এফবি সাইকূল’ নামের একটি ট্রলারের ১২ জেলে। পরদিন, ৬ জুলাই সকালবেলা পায়রা বন্দরের শেষ বয়ার কাছে এসে হঠাৎ ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন ট্রলারে থাকা সবাই।

নিখোঁজ থাকার চার দিন পর, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালবেলা পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরের উপকূলঘেঁষা এলাকায় সমুদ্রে ভাসতে দেখা যায় ৯ জেলেকে। স্থানীয় এক মাছধরার ট্রলার তাদের উদ্ধার করে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

উদ্ধারপ্রাপ্ত জেলে নূরুল হক জানান, “ভোরবেলায় হঠাৎ ট্রলারটি উল্টে যায়। সবাই রিং বয়া ও ফ্লুট ধরে সাগরে ভেসে থাকি। ঢেউয়ের তীব্রতায় তিনজন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এরপর আমরা ৯ জন একসঙ্গে থেকেই জীবন বাঁচাতে মরিয়া চেষ্টা চালাই। কোনো খাবার বা বিশ্রাম ছিল না, বাধ্য হয়ে লবণ পানি খেয়েই বেঁচে ছিলাম আমরা।”

উদ্ধার হওয়ার পর ৯ জেলেকে রাঙ্গাবালীর চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম। তিনি বলেন, “উদ্ধার হওয়া জেলেরা এখন শারীরিকভাবে দুর্বল, তবে শঙ্কামুক্ত। ট্রলার মালিককে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। বাকি তিন জেলে—খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী—নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে অনুসন্ধান চলছে।”

নৌপুলিশ জানিয়েছে, কেউ কেউ নিখোঁজদের সন্ধান পাওয়ার খবর দিলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বঙ্গোপসাগরের প্রাণঘাতী রূপের সঙ্গে লড়াই করে ফিরে আসা ৯ জেলের এই গল্প শুধু একেকটি জীবনের বেঁচে ফেরার নয়, বরং সাহস, দৃঢ়তা আর একে অন্যকে আঁকড়ে ধরে টিকে থাকার অনন্য উদাহরণ। নিখোঁজ তিনজনের সন্ধানে এখনও অপেক্ষা করছে পরিবার ও স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ