(২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সেনা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের অসাধারণ সাফল্য।
ছবি: আইএসপিআর)
নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রমাণ করেছে তাদের শিক্ষার মান ও শৃঙ্খলা কতটা শক্তিশালী। এ বছর সেনা নিয়ন্ত্রিত ৩৮টি বাংলা মাধ্যম এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
তাদের মধ্যে ৬ হাজার ২০০ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ—যা নিঃসন্দেহে একটি অনবদ্য সাফল্য এবং জাতীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে সেনা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদানকে আবারও স্মরণ করিয়ে দিল।
এই সাফল্যের মূলে রয়েছে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোর শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলার পাশাপাশি রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা, পাঠদানে পেশাদারিত্ব, শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায় এবং তাদের নিয়মিত অধ্যয়নের প্রতি অঙ্গীকার।
এছাড়াও এই ধারাবাহিক কৃতিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের দক্ষ ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা।
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধুমাত্র পরীক্ষার ফলাফলের ক্ষেত্রেই নয়, মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক তৈরির ক্ষেত্রেও দেশের শিক্ষাক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এই সাফল্য ভবিষ্যতের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে—এমনটাই প্রত্যাশা।
সূত্র: আইএসপিআর








