নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।”
শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন অনুযায়ী অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।”
এদিকে মিটফোর্ড হত্যাকাণ্ডে নতুন করে আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজী (৩২)–কে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে প্রকাশ্যে কুপিয়ে ও মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।








