বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মহিলা পরিষদের সমাবেশ ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে সমাবেশ ও র‌্যালি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, “নারীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এখনই সময় সরাসরি নির্বাচনের দাবিকে বাস্তবে রূপ দেওয়ার। কাউকে পিছিয়ে রেখে গণতন্ত্র এগিয়ে যেতে পারে না।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীরা কোনো ভয়ভীতিতে দমে যাবে না, তারা নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, কেন্দ্রীয় সদস্য আনোয়ারা বেগম এবং নারী শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদা পারভীন শিখা।

মালেকা বানু বলেন, “বর্তমানে অধিকাংশ নারী সংসদ সদস্য রাজনৈতিক দলের মনোনয়নে আসেন, ফলে তারা দলের আজ্ঞাবহ থেকে যান। এ অবস্থার পরিবর্তনে জাতীয় সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই।”

অন্যান্য বক্তারাও বলেন, সংসদে নারীর এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারা রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ বলেন, “নারী সাংসদদের ভূমিকা আরও কার্যকর করতে হলে তাদের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে কাজ করতে হবে। সংসদে সরাসরি নির্বাচিত নারীদের অংশগ্রহণ এই প্রক্রিয়ায় জোর দেবে।”

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে মহিলা পরিষদের কেন্দ্রীয়, মহানগর এবং নারায়ণগঞ্জ, বেলাবো ও টঙ্গী শাখার নেত্রীবৃন্দ অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী ও নারী শ্রমিক কেন্দ্রের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ