শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নওশাবাকে নিয়ে ‘যত কাণ্ড কলকাতাতেই’

বিনোদন ডেস্ক:

জয়া আহসান ও রাফিয়াথ রশিদ মিথিলার পথ ধরে এবার টালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে দুই বাংলার চলচ্চিত্রজগতে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

সিনেমাটি ২০২২ সালে নির্মাণ সম্পন্ন হলেও নানা জটিলতায় এতদিন আটকে ছিল মুক্তি। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি চলতি বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসার কথা নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মোশন পোস্টার ইতিমধ্যে দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে।

‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি আত্মপরিচয়ের খোঁজে কলকাতায় পা রাখেন। তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

চরিত্রটি নিয়ে নওশাবা বলেন, “এই সিনেমায় এমন এক গল্প বলা হয়েছে, যেখানে প্রতি মুহূর্তেই কিংবদন্তি সত্যজিৎ রায়কে সম্মান জানানো হয়েছে। আমি ও আবির দুজনেই সিনেমায় ‘ফেলুদা’ ভক্ত, যদিও এটি কোনো গোয়েন্দা গল্প নয়।”

সিনেমাটিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে নওশাবা বলেন, “এই কাজটা যেন আমার জীবনে হঠাৎ পাওয়া এক ম্যাজিকের মতো। অনিকদার হঠাৎ একটি টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে কাজের সুযোগ হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে—এটা আমার জন্য দারুণ এক অনুভূতি।”

নওশাবা এই সিনেমাকে নিজের অভিনয়জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, “এটা শুধু একটি সিনেমা নয়, বরং দুই বাংলার মাঝে আমার শিল্পীসত্তাকে নতুনভাবে আবিষ্কারের এক সুযোগ। মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও করেছি।”

দুই বাংলার এই যৌথ সংযোগে কাজী নওশাবার টালিউডে যাত্রা শুধু পেশাগত সাফল্য নয়, বরং সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য উদাহরণ হিসেবেও ধরা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ