খেলা ডেস্ক:
আসন্ন পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে সফল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চূড়ান্ত চুক্তির আনুষ্ঠানিকতা এখনো বাকি, তবুও বোর্ড জানিয়েছে—বিভিন্ন দেশভিত্তিক চারটি ভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এই স্বত্ব।
এর আগে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্বে আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান, যার ফলে বাধ্য হয়ে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে তা প্রচারিত হয়। তবে পাকিস্তান সিরিজে পরিস্থিতি কিছুটা ভিন্ন।
শনিবার (১২ জুলাই) গণমাধ্যমকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘টিভি স্বত্বের বিষয়টি আমরা প্রেস বিজ্ঞপ্তিতে জানাবো। তবে শুরুতে নির্ধারিত অর্থটা আমরা পাইনি। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে নির্ধারিত অর্থের সমান সমানই পেয়েছি।’
তিনি জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্যের মোট চারটি প্রতিষ্ঠানকে সম্প্রচার স্বত্ব দেওয়া হয়েছে। বিষয়টি সর্বোতভাবে চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক চুক্তি এখনো সম্পন্ন হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৪ কোটি টাকাই পেয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রায় নির্ধারিত অর্থের কাছাকাছি পেয়েছি। বিডিংয়ে আগ্রহ কম থাকায় আমরা যেসব প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে জোন ভাগ করে স্বত্ব দিয়েছি।’
উল্লেখ্য, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।








