নিজস্ব প্রতিবেদক:
পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান বলেন, “তিন সপ্তাহ আগে জামিল নামের একজন ব্যক্তি বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফা হামলা করে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সর্বশেষ গতকাল ৩০-৪০ জন সন্ত্রাসী হামলা চালায় এবং গুলি ছোড়ে, এতে একজন গুলিবিদ্ধ হন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম বর্তমানে হাসপাতালে আছেন। তিনি থানায় এসে মামলা করবেন। এখনো কেউ শনাক্ত হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই তাদের গ্রেফতার করা যাবে।”
পুলিশ সূত্র জানায়, এর আগে গত বৃহস্পতিবার চাঁদা দাবি ও হামলার ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান। জিডিতে তিনি উল্লেখ করেন, ২৭ জুন প্রথমবার এবং ৪ জুলাই দ্বিতীয়বার অজ্ঞাত সন্ত্রাসীরা তার অফিসে হামলা চালায় ও প্রাণনাশের হুমকি দেয়।
চাঁদাবাজির হুমকি ও একাধিক হামলার পর, সর্বশেষ শনিবারের ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়। বিষয়টি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।








