,

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১১০, ত্রাণকেন্দ্রে গুলি চালিয়ে হত্যা ৩৪ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নতুন করে চালানো হামলায় আরও অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিনের বিভিন্ন সময় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। খবর আলজাজিরার।

সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় বিতর্কিত মানবাধিকার সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে, যেখানে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত ৩৪ জন নিহত হন।

এছাড়া গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বহু মানুষ হতাহত হন। নিহতদের মধ্যে রয়েছে বহু শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে আতঙ্ক ও কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে অন্তত ১,২০০ মানুষ নিহত এবং বহু মানুষ জিম্মি হয়। সেই ঘটনার পর থেকেই গাজা উপত্যকায় লাগাতার ও নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরাইল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫৭ হাজার ৮৮২ জন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ