নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ বছর এ প্রতিষ্ঠান থেকে ২০০ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে ১৪৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ পাস ও ৭১.৫ শতাংশ জিপিএ-৫ প্রাপ্তির আনন্দে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ড্রাম বাজিয়ে নেচে-গেয়ে উল্লাস করেন।
ফলাফলের দিনে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
ভালো ফলাফলের কারণ জানতে চাইলে অধ্যক্ষ কর্নেল মো. মামুন আজাদ সালেহীন বলেন, ‘শুধু একাডেমিক সাফল্য নয়, সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে দেশের জন্য চৌকস নাগরিক গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য—যাতে তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সব শিক্ষক প্রশিক্ষিত। শ্রেণিকক্ষগুলো সুসজ্জিত।
বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকরা পেশাদারিত্বের সঙ্গে নিবিড়ভাবে পাঠদান করেন। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসও নেওয়া হয়। ফলে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে।’








