নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উদযাপন করেছে তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুই দশকের যাত্রায় ডিজিটাল অন্তর্ভুক্তি, উদ্ভাবনী প্রযুক্তি ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০ বছর পূর্তিকে ঘিরে প্রতিষ্ঠানটি আয়োজন করে একাধিক গ্রাহকবান্ধব কর্মসূচি। দীর্ঘদিনের বিশ্বস্ত গ্রাহকদের সম্মান জানিয়ে বিশেষ ভ্রমণের ব্যবস্থা করা হয় কক্সবাজারে, যেখানে বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সময় কাটান আমন্ত্রিত গ্রাহকেরা। ভ্রমণে অংশগ্রহণকারীরা বাংলালিংকের সঙ্গে নিজেদের দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানটির সেবায় সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বাংলালিংকের কর্মীরা সরাসরি গ্রাহকদের ফোন করে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি কিছু গ্রাহকের সঙ্গে সরাসরি দেখা করে তাদের অভিজ্ঞতা শোনেন বাংলালিংকের প্রতিনিধিরা। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারাও এসব উদ্যোগে সরাসরি অংশ নেন, যা গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিনের গ্রাহকদের জন্য বিশেষ রেট কাটার প্যাকেজ এবং ২০ জিবি বোনাস ডেটা চালু করা হয়েছে, যা গ্রাহকদের জন্য এক ধরনের সম্মাননা হিসেবেই বিবেচিত হচ্ছে।
২০ বছর পূর্তির উপলক্ষে বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “আমাদের সব কার্যক্রমের কেন্দ্রে রয়েছে আমাদের গ্রাহকরা। বাংলালিংকের এই দুই দশকের যাত্রা আমাদের সম্মিলিত আস্থা, ভালোবাসা ও ভবিষ্যতের পথে একসাথে এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ডিজিটাল কানেক্টিভিটির গুরুত্ব দিন দিন বাড়ছে, আর এ যাত্রায় আমরা সবসময় গ্রাহকদের বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকতে চাই।”
বাংলালিংক জানিয়েছে, ভবিষ্যতেও তারা উদ্ভাবনী সেবা, সাশ্রয়ী প্যাকেজ ও মানসম্পন্ন কানেক্টিভিটির মাধ্যমে দেশের ডিজিটাল রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।








