বিনোদন ডেস্ক:
দীর্ঘদিনের প্রেমের পর নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার স্বামীর নামে প্যারিসের ঐতিহাসিক ‘পঁ দে আর্টস’ সেতুতে ভালোবাসার প্রতীক হিসেবে একটি তালা ঝুলিয়ে দিলেন তিনি। এরপর রীতি মেনে সেই তালার চাবি ছুড়ে ফেলেছেন নিচ দিয়ে প্রবাহিত সাইন নদীতে—প্রেম যাতে অটুট থাকে, ভাঙনের মুখে না পড়ে।
সম্প্রতি মেহজাবীন নিজের ফেসবুক হ্যান্ডেলে এই বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সেতুর রেলিংয়ে ‘মেহজাবীন ও আদনান’ লেখা একটি তালা ঝুলছে। ক্যাপশনে তিনি শুধু লিখেছেন—“Lock”।
‘পঁ দে আর্টস’ সেতুটি প্রেমিক-প্রেমিকাদের কাছে বেশ জনপ্রিয়। যুগলরা এখানে তালা লাগিয়ে ভালোবাসা চিরস্থায়ী করার প্রতীক হিসেবে চাবি নদীতে ফেলে দেন। এই ঐতিহ্য অনুসরণ করেই মেহজাবীন-আদনান দম্পতি তাদের সম্পর্ককে নতুন মাত্রায় স্মরণীয় করে রাখলেন।
তবে ঠিক কবে এই তালা লাগানো হয়েছে, তা নিশ্চিত নয়। কারণ মেহজাবীন সম্প্রতি ইউরোপ সফরে রয়েছেন এবং ইতালি, সুইজারল্যান্ডসহ নানা দেশের ছবি নিয়মিত পোস্ট করছেন। এর আগেই তিনি অংশ নিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবেও। ফলে প্রেম-তালার এই ঘটনা ঠিক কোন সময়ে তা জানা যায়নি।
নিজেদের সম্পর্ক নিয়ে আগেও আবেগঘন এক পোস্টে মেহজাবীন লিখেছিলেন—
“৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির এক ছেলের সঙ্গে আমার প্রথম দেখা। সেদিনের ১৫ মিনিটের কথা, হাত মেলানো, আর চোখের চাহনি থেকেই একটা সম্পর্কের শুরু। ১৩ বছরের এই পথচলায় একে অন্যের সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও কষ্ট সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা।”
আরও লেখেন, “শোনা যায়, সাত বছরের বন্ধুত্ব সারাজীবনের হয়। আমরা তো তার দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।”
তাদের এই প্রেম ও বন্ধুত্বের গল্প আজ প্যারিসের বাতাসে, সাইন নদীর ঢেউয়ে, আর তালাবন্দি হয়ে রয়েছে ‘পঁ দে আর্টস’-এর রেলিংয়ে।








