কে এম সাইফুর রহমান, জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পালিত হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আয়োজিত হচ্ছে তিনদিনব্যাপী এক বিশেষ মেডিকেল ক্যাম্প, যেখানে বিশ্ববিদ্যালয় পরিবার বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ২৫, ২৯ ও ৩০ জুলাই, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেনের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হবে।
২৫ জুলাই শহিদদের স্মরণে আয়োজিত প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত থাকবেন ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক—দুইজন মেডিসিন বিশেষজ্ঞ, দুইজন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ, একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ।
পরবর্তী দুই দিন, অর্থাৎ ২৯ ও ৩০ জুলাই ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন দেশের খ্যাতিমান চারজন চিকিৎসক—অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. এম এ সামাদ, ডা. ওয়ালি উল্লাহ এবং ডা. নাজমুস সাকিব।
চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে এবং শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হল কিংবা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে আগাম নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জুলাই বিপ্লবের আদর্শ ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে আয়োজিত এ ক্যাম্প শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক হবে বলেই মনে করছেন আয়োজকরা।








