অনলাইন ডেস্ক:
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ দেশের বাজারে আনতে যাচ্ছে অনার এক্স সিরিজের নতুন স্মার্টফোন ‘অনার এক্স৬সি’। এআই প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অনার এক্স৬সি-তে থাকছে এআই ফিচারের জন্য নির্ধারিত একটি আলাদা বাটন। ব্যবহারকারীরা এই বাটনের সাহায্যে সহজেই বিভিন্ন কাজ যেমন—বস্তু শনাক্তকরণ, তাৎক্ষণিক অনুবাদ ও দ্রুত সার্চ কার্যক্রম সম্পাদন করতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে ‘এআই ইরেজার’ নামের একটি ফিচার, যা ছবি তোলার সময় পেছনে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে সক্ষম।
অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস-এ চলা অনার এক্স৬সি ব্যবহারকারীদের জন্য দেবে আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা। এতে বিভিন্ন অ্যাপ ও ফিচার নিজের মত করে কনফিগার করা যাবে।
ছবি তোলার অভিজ্ঞতা আরও উন্নত করতে স্মার্টফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, যা বিভিন্ন ধরনের আলোতেও স্পষ্ট ও উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। ফলে যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত পছন্দ হতে পারে।
দীর্ঘ সময়ের ব্যাকআপ নিশ্চিত করতে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নিরাপত্তার দিক থেকেও অনার এক্স৬সি বেশ শক্তপোক্ত। এটি এসজিএস প্রিমিয়াম সার্টিফিকেশনপ্রাপ্ত হওয়ায় হঠাৎ হাত থেকে পড়ে গেলেও ডিভাইসটি সহজে ক্ষতিগ্রস্ত হবে না। পাশাপাশি আইপি৬৪ রেটিং থাকায় এটি পানি ও ধুলাবালির প্রতিকূলতা থেকেও সুরক্ষিত থাকবে।
অনার এক্স৬সি স্মার্টফোনটি শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকেই নয়, স্টাইল ও নান্দনিকতার দিক থেকেও ব্যবহারকারীদের সন্তুষ্ট করবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ।
সবমিলিয়ে, আধুনিক ফিচার, উন্নত এআই প্রযুক্তি ও টেকসই গঠনের সমন্বয়ে বাজারে অনার এক্স৬সি স্মার্টফোনটি হতে পারে মধ্যম বাজেটের ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার পছন্দ।








