নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৯) হত্যাকাণ্ডে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (১৩ জুলাই) খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, “ঘটনার দিন আনসার সদস্যরা রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গেটের বাইরে গিয়ে দায়িত্ব পালন করার এখতিয়ার তাঁদের ছিল না।”
তিনি জানান, বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালের ৩ নম্বর গেটে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। কিন্তু সে সময় গেটের বাইরের দায়িত্ব আনসার সদস্যদের ওপর ছিল না। “হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি, ফলে তারা রোস্টারের বাইরে গিয়ে হস্তক্ষেপ করতে পারেনি।”
মহাপরিচালক আরও বলেন, “ঘটনার সময় আশপাশে শত শত লোক উপস্থিত থাকলেও কেউ আনসার ক্যাম্প বা প্লাটুন কমান্ডারকে অবহিত করেননি। পরে কমান্ডার নিজেই ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ভুক্তভোগীকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।”
তিনি স্পষ্ট করে জানান, হাসপাতালের ভেতরে বা বাইরে আনসারদের দায়িত্ব নির্ধারণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ীই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। “যেহেতু রোস্টার অনুযায়ী ওই সময় ঘটনাস্থলে আনসারদের দায়িত্ব ছিল না এবং কর্তৃপক্ষের নির্দেশনাও ছিল না, তাই দায় চাপানো ঠিক নয়,” বলেন তিনি।
এসময় মহাপরিচালক নিহত সোহাগের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।








