,

‘জুলাই উইমেনস ডে’ উদযাপনে শহীদ মিনারে সন্ধ্যায় বিশেষ আয়োজন

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই উইমেনস ডে’ উদযাপন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও ‘জুলাই কন্যা’দের স্মৃতিচারণ এবং বিশেষ ড্রোন শো।

অনুষ্ঠান সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর জুলাইয়ের গান পরিবেশন করবে সায়ান মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যা ৭টায় শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এ সময় দেখানো হবে তিনটি চলচ্চিত্র— ‘জুলাই উইমেন’, ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’, এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’।

চলচ্চিত্র প্রদর্শন শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শহীদ পরিবার ও জুলাই কন্যাদের স্মৃতিচারণ। রাত ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে ‘জুলাইয়ের গান’। গান পরিবেশন করবেন পারসা মাহজাবিন, এলিটা করিম, এফ মাইনরসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষ হবে রাত ১১টার বিশেষ ড্রোন শো’র মধ্য দিয়ে।

অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্রীদের উপস্থিতির বিষয়ে পৃথক অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা অফিস আদেশে ঢাকাস্থ স্কুল ও কলেজসমূহের ছাত্রীদের (সম্ভব হলে ইউনিফর্মসহ) অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা পৃথক আদেশে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়োজক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “এ অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।”

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ জাতীয়ভাবে নতুন এক উপলব্ধিকে সামনে নিয়ে এসেছে, যেখানে নারীর সাহসিকতা, আত্মত্যাগ ও গণজাগরণকে সম্মান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ